নীলফামারীর ডিমলা উপজেলায় চেক ডিজঅনার মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তারেক জিয়া সাইবার ফোর্সের ডিমলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আলেনুর রহমান (৩৮)-কে গ্রেপ্তার করেছে ডিমলা থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া আলেনুর রহমান উপজেলার তিতপাড়া গ্রামের বাসিন্দা এবং মো. আজিজুল ইসলামের ছেলে। তিনি তারেক জিয়া সাইবার ফোর্সের ডিমলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধার সিআর মামলা নং-১১৭২/২৪-এ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) অ্যাক্টের ১৩৮ ধারায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে রবিবার (২ আগস্ট) রাতে উপজেলার তিতপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, চেক ডিজঅনার মামলায় তিনি আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার বাদী মো. রুহুল আমিন বলেন, আলেনুর রহমান এসকেএসে কর্মরত থাকাকালে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। পরবর্তীতে পাওনা অর্থ আদায়ে ব্যর্থ হয়ে তিনি আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে পুলিশ তা কার্যকর করে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আলেনুর রহমানকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হবে।

