রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পদোন্নতি ও আপগ্রেডেশনের দাবিতে আন্দোলনরত কর্মকর্তারা শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় কর্মসূচিতে পরিবর্তন এনেছেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারাল।
বুধবার (১ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন আন্দোলনরত কর্মকর্তারা।
তারা জানান, আগামীকাল থেকে প্রতিদিন দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করবেন। শিক্ষার্থীদের সেবা ও বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেজন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আন্দোলনরত কর্মকর্তারা বলেন, পদোন্নতি ও আপগ্রেডেশনের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। এ বিষয়ে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর সঙ্গে সর্বশেষ আলোচনা হলেও কোনো সমাধান হয়নি। তাই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।
তারা আরও জানান, প্রথমে কর্মবিরতি এবং পরে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। প্রশাসনের পরবর্তী পদক্ষেপের ভিত্তিতে ভবিষ্যতে আন্দোলনের ধরন আরও কঠোর করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আন্দোলনকারীরা আরও জানান, ১৬ জুলাই শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ওই দিন আমাদের অবস্থান কর্মসূচি স্থগিত থাকবে।
এর আগে, গত ২৮ জুন নির্ধারিত পদোন্নতি বোর্ড অনুষ্ঠিত না হওয়ায় উপাচার্যের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দেন পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা।

