ডিমলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধ*র্ষ*ণ ও গ*র্ভ*ব*তী করার অভিযোগে শ্রী আপন (২২) নামে এক যুবককে গ্রে/প্তা/র করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
ডিমলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক যুবক।
গ্রেপ্তার আপন উপজেলার বাবুরহাট গ্রামের মনোরঞ্জনের ছেলে। তিনি পেশায় মাইক্রোবাসচালক। মামলায় তিনি প্রধান আসামি।
এসআরবি জানায়, বিদ্যালয়ে যাতায়াতের সময় ওই ছাত্রীর সঙ্গে আপনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, নিজের ধর্মীয় পরিচয় গোপন রেখে গত বছরের ১৩ এপ্রিল সন্ধ্যায় বিয়ের প্রলোভন দেখিয়ে মাইক্রোবাসে তুলে ওই ছাত্রীকে ধর্ষণ করেন আপন। পরে একই প্রলোভনে একাধিকবার তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন।
চলতি বছরের ৩ মার্চ চিকিৎসকের পরীক্ষায় ওই স্কুলছাত্রী গর্ভবতী বলে জানা যায়। বিষয়টি জানাজানি হলে আপন নিজের ধর্মীয় পরিচয় প্রকাশ করেন এবং ভুক্তভোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ।
এ ঘটনায় ১৪ মার্চ ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ডিমলা থানায় ধর্ষণ মামলা করেন। মামলার পর আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে এসআরবি।
এরই ধারাবাহিকতায় ২৭ সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টার দিকে এসআরবির দুটি ইউনিটের যৌথ দল ডিমলার সর্দারহাট গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আপনকে গ্রেপ্তার করে।
এসআরবির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।

