বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নবনিযুক্ত সহকারী প্রক্টর ড. সোহাগ আলীকে ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্রদল নেতা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে তিনি সোহাগ আলীকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ক্লাবের সেক্রেটারি হিসেবে উল্লেখ করে বিভিন্ন অভিযোগ করেন।
পোস্টে তিনি লেখেন, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ক্লাবের সেক্রেটারি এবং আওয়ামী লীগের দালাল সোহাগ আলী স্যার, নবনিযুক্ত সহকারী প্রক্টর। অবৈধ নিয়োগের শিক্ষক ইউসুফ এবং তাবিউর গংদের রক্ষাকর্তা।’
এ ছাড়া পোস্টে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং আরও কয়েকজন শিক্ষককে নিয়েও মন্তব্য করেন ওই সাবেক ছাত্রদল নেতা। তিনি উপাচার্যকে ‘আওয়ামী লীগের সুবিধাভোগী’ এবং ‘জামায়াতি-এনসিপির মূলা ভিসি’ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি একাধিক পদে থাকা একজন শিক্ষককে ‘অবৈধ পদোন্নতিপ্রাপ্ত’ বলে দাবি করেন তিনি।
উল্লেখ্য, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নতুন সহকারী প্রক্টর হিসেবে ড. সোহাগ আলী দায়িত্ব পেয়েছেন।

